লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সদস্য ও বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা প্রকৌশলী এম.এ. জব্বারের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশন সাবেক ওই সংসদ সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।
জানা যায়, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দেয়া হয়।
অপরদিকে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি এম.এ. জব্বারের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ টাকার জ্ঞাত বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দেয়া হয়। এছাড়া একই অভিযোগে জব্বারের ২ ছেলের বিরুদ্ধে পৃথক মামলার সুপারিশ করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার দুদক ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দুটি দায়ের হতে পারে । দুদকের অনুসন্ধানী কর্মকর্তা উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ বাদী হয়ে এ্যানির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। অনুসন্ধানী কর্মকর্তা উপ-সহকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে এম.এ.জব্বারের বিরুদ্ধে মামলাটি দায়ের করবেন ।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি তাদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
একে/জেডআই





