গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ৫ নভেম্বর ধার্য করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া রবিবার এ আদেশ দেন। এ সময় আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।
মামলায় অপর আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কারাগারে আটক থাকায় উপস্থিত হতে না পারায় আইনজীবী জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করে।
অপরদিকে শাহবাগ থানার অপর একটি মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছে একই আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গেল বছর ২৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
কেএ





