চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী আরো একটি দুর্নীতির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।
বুধবার সিটি করপোরেশনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় তিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
মহিউদ্দিনের আইনজীবী ইফতেখার সাইমুল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মহিউদ্দিন আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নগর পিপি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ জানান, হাইকোর্ট থেকে রিট পিটিশনমূলে মামলার কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল। হাইকোর্ট থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীও জামিনে ছিলেন।
সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম ধার্য তারিখে মহিউদ্দিন চৌধুরী আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]