অসুস্থতার কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ (মঙ্গলবার) আদালতে যাবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মামলাটিতে খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে। গত ১৫ মে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাই তিনি আজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হতে পারবেন না।’
মামলাটি আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন ছিল। বর্তমানে উচ্চ আদালতের আদেশে ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে পরিবর্তন হয়েছে। গত সোমবার বিচারক পরিবর্তন করে আইন মন্ত্রনালয় একটি গেজেটও প্রকাশ করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদ।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী (পলাতক) ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান (পলাতক)।
২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
এমএনজে





