একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
এর আগে আজ (বৃহস্পতিবার) বিকেলে রিভিউ রায়ে স্বাক্ষর করেন আপিল বিভাগের ৪ বিচারপতি। সন্ধ্যার কিছুক্ষণ পর প্রকাশ করা হলো পূর্ণাঙ্গ রায়।
এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের রায়ও প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে আরও জানা যায়, বিচারপতিদের স্বাক্ষরের পর প্রকাশিত সাকা-মুজাহিদের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে।
ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞেস করবেন তিনি মহামান্য রাষ্ট্র পতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কীনা।
কেবি





