চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফনের খবর সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে গুলি এবং হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার বেলা সোয়া ১১টার দিকে সাকা চৌধুরীর বাড়ি থেকে কিছুটা দূরে এই গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার হওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, রাউজানের গহিরা এলাকায় সাকার জানাজা শেষে ফেরার পথে রাউজান পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণকারী ও সাংবাদিকদের ওপর হামলা চালায়।

এ সময় হামলার ছবি তুলতে গেলে মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়। এ ছাড়া একুশে টিভির রিপোর্টার নয়ন বড়ুয়া জয়সহ আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।

মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আয়ান শর্মা জানান, পুলিশ সাকা চৌধুরীর বাড়িতে থাকলেও রাস্তায় ছিল না। এই সুযোগে জানাজায় অংশগ্রহণকারীদের ধরে হামলা করছিল ছাত্রলীগের লোকজন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের গাড়িতে হামলা এবং এক সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

দাফনের আগে সাকার জানাজা নিয়ে শুরু হয় উত্তেজনা। তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গহিরা কলেজ মাঠে জানাজা আয়োজন করতে চায় স্থানীয়রা। তবে প্রশাসনের বাধায় তা বন্ধ হয়ে যায়। পরে তার বাড়ির পাশেই জানাজার নামাজ পড়া হয়।

এর আগে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ প্রতিরোধে রাউজান উপজেলার প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অবস্থান নিলেও পরে পুলিশের তৎপরতায় তারা সরে যায়।

 

এমকে, এমএইচ