আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে হস্তক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের করা এই সংক্রান্ত রিট শুনানি চলা কালে আদালত এই কথা জানান।
আজ (১৭ নভেম্বর) রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।
আদালত বলেন, “আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আমরা হস্তক্ষেপ করব।”
এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না- এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ভারত গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি মূল্য বাড়িয়ে টনপ্রতি ন্যূনতম মূল্য ৮৫০ মার্কিন ডলার বেঁধে দেয়। এরপর থেকে দেশের বাজার অস্থির হয়ে ওঠে। ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ এক লাফে ৬০ থেকে ৭০ টাকায় গিয়ে দাঁড়ায়। তারপর ভারত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। বর্তমানে কোথাও কোথাও পেঁয়াজের দাম কেজি প্রতি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এমবি





