কুড়িগ্রাম সদর উপজেলায় আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। আহতরা হলেন- নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুজন।
জানা গেছে, গতকাল বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল একই দিন রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আজাদের বাড়িতে হামলা চালান। এ সময় আজাদ ও তার বড় বোন ছকিনা গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, বুধবার রাতে এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএস





