বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রেস ম্যানেজার মো. ফজলুল করিমের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং  তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার  দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে রমনা মডেল থানায়  ২০০৪ সালের দুদক আইন ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা নং ৩৭ দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মো. ফজলুল করিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদ রয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকার। একই সঙ্গে তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে  তথ্য গোপন করেছেন।

জানা যায়,  গত ২৪ মার্চ  আসামি মো. ফজলুল করিম দুদক সচিবের দফতরে দাখিল করা বিবরণীতে তার নিজের এবং পরিবারের সদস্যদের নামের স্থাবর,অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। সম্পদ বিবরণীতে মিরপুরে ৩ কাঠার জমি ক্রয়ের মূল্য  কম নির্ধারণ করেন ২ লাখ  ৩ হাজার টাকা, ৫ তলা ভবন নির্মাণ  তথ্য গোপণ ৩ লাখ ৮ হাজার ৫০৯ টাকা।

তার স্ত্রী রাজিয়া আক্তারের নামে ৫২ হাজার টাকা এবং ছেলে মো. ফয়সাল রেজার নামে আলীকো ইন্সুরেন্স কোম্পানী পলিসিতে জমা রয়েছে ১ লাখ ৭হাজার ৬৬ টাকা। আসামি মো. ফজলুল করিমের বিরুদ্ধে ৫লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং  তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

একে/এসএইচ