সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম পিছিয়েছে।
আগামী ৭ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণের নতুন দিন নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন।
২০১৬ সালের ১৮ জুলাই একই আদালতে সোহেলসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৫ সালের ১ জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী করা হয় ৫৯৪ জনকে।
২০১৩ সালের ২৫ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় আলাদা দুটি মামলা করা হয়। এর একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের করা হত্যা মামলা এবং অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে করা মামলা।
এ ছাড়া ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ এক হাজার ১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে একটি অবহেলাজনিত হত্যা মামলা করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় এক হাজার ১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এএস





