জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার ঘটনায় দু’জনকে ১০ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আজ (মঙ্গলবার) দুপুরে রংপুরের একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত দু’জন হলেন-স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই স্থানীয় বিএনপি নেতা রাশিদুন্নবী খান বিপ্লব এবং নিহত জাপানি নাগরিকের বন্ধু ও সহকর্মী হুমায়ুন কবির হিরা।
রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেবের আদালতে এই রিমান্ড আদেশ দেয়া হয়। এর আগে অভিযুক্ত বিপ্লব ও হিরাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা আবেদন মঞ্জুর করেন।
রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আদালতকে রিমান্ড আবেদনের সময় বলেন, জাপানি নাগরিক হোসি কোনিওকে হত্যার সাথে আটক রুবেল ও হিরার সম্পৃক্ততার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে।
উল্লেখ্য, আটক বিপ্লব রংপুরের স্থানীয় বিএনপির কমিটিতে একজন সদস্য হিসেবে কাজ করছেন। অপরদিকে, জাপানি নাগরিক কোনিওর ঘাসের খামারের সাথে যুক্ত ছিলেন তার বন্ধু হিরা।
জাপানি নাগরিক হোসি কোনিওকে গত ৩ অক্টোবর (২০১৫) রংপুরে তার খামারের কাছেই গুলি করে হত্যা করা হয়। ঢাকার কুটনৈতিক জোন হিসেবে খ্যাত গুলশানে একজন ইতালিয়ান নাগরিককে হত্যার ৫ দিনের মাথায় রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনাটি ঘটলো।
এদিকে, জাপানি নাগরিক হত্যার ঘটনায় সবশেষ রিমান্ডপ্রাপ্ত দু’জনসহ এ পর্যন্ত মোট ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে পর পর দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ব্যাপক চাপে পড়ে সরকার। হত্যাকান্ড দুটি ঘটার পর পরই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস দায় স্বীকার করায় আন্তর্জাতিক মহল থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয় সরকারের ওপর।
তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশে কোন আইএস নেই। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আইএসের উত্থান ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
কেবি





