থানায় নিয়ে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ-এর বিচারক কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন। এ দিন নিহত ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের মা শাহিদা বেগমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ জুলাই রাত সোয়া ১২টার দিকে হাজারীবাগের ভাড়া বাসা থেকে এসআই জাহিদসহ পাঁচজন সুজনকে থানায় নিয়ে যায়। পরদিন তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
তবে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ খ ম শফিউজ্জামান আঘাত ও রক্তক্ষরণে সুজনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন। এ ঘটনায় ২০১৪ সালের ২০ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হকের আদালতে নিহত সুজনের স্ত্রী লুসি মামলা করেন।
মামলায় এসআই জাহিদ ছাড়াও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, এএসআই রাজকুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল, সোর্স নাসিম, সোর্স পলাশ, সোর্স ফয়সাল, সোর্স খোকন ও মিথুনকে আসামি করা হয়।
তবে ২০১৪ সালের ৩০ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আশিকুর রহমান এসআই জাহিদ, এএসআই রাজকুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল ও মিথুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ২১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর দায়রা জজ আদালত।
এমএনজে





