অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিমানের সাবেক ও বর্তমান ১৭ কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ওই ১৭ কর্মকর্তা আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আসিফ হাসান। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ আর এম হাসানুজ্জামান।
তার আগে মিশর থেকে দুটি বোয়িং লিজ নেয়ার ঘটনায় সংস্থাটির পরিচালকসহ ২৩ কর্মকর্তার যোগসাজশ ও দুর্নীতির প্রমাণ ২৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছ দুদক।
আসামিরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট অপারেশনের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইনরাত আহমেদ, সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক (এস এ সিদ্দিক), মহা ব্যবস্থাপক (মুদ্রণও প্রকাশনা) আবদুর রহমান ফারুকী, সার্ভিসেস অ্যান্ড অডিটের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (এমসিসিঅ্যান্ডএলএম) দেবেশ চৌধুরী, ক্যাবের কনসালটেন্ট গোলাম সারওয়ার ও ক্যাবের প্রকৌশলী কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম ভূঞা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান, শরীফ রুহুল কুদ্দুস (প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জি (স্ট্রাকচার), ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম শামিম, উপ মহাব্যবস্থাপক (এওসি, এসিপি) জিয়া আহমেদ, চিফ পার্সার (অবসরপ্রাপ্ত) কাজী মোসাদ্দেক আলী, ফ্লাইটপার্সার মো. শহিদুল্লাহ কায়সার ডিউক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ রহমান, সাবেক ব্যবস্থাপক মো. আব্দুল কাদির, সাবেক উপ-প্রধান প্রকৌশলী মো. শাহজাহান, সাবেক ইঞ্জিনিয়ার অফিসার মো. জাহিদ হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক বসুনিয়, ব্যবস্থাপক মো. আতাউর রহমান, চিফ পার্সার মোহাম্মদ সাজ্জাদ উল হক (শাহিন) , ফ্লাইট পার্সার শাহনাজ বেগম ঝর্ণা এবং সাবেক চিফ ইঞ্জিনিয়ার গাজী মাহমুদ ইকবাল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে লিজ নেয়া হয় দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র কয়েকটি ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। যেটি সচল করতে মিশর থেকেই ভাড়ায় আনা হয় আরেকটি উড়োজাহাজ, দেড় বছরের মাথায় বিকল হয়ে যায় সেটিও।
এইচএম





