পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশ চলাকালে বোমা হামলায় দায়ের করা মামলায় মুফতি আবদুল হান্নানসহ ১৩ জনের বিচার রবিবার শুরু হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৩ এর বিচারক ইমরায়ুল কায়েস বিচার শুরুর দিন বাদী মঞ্জুরুল আহসান খানের আংশিক সাক্ষ্য নেন। সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ৬ নভেম্বর ধার্য করা হয়েছে।

বোমা হামলা মামলায় মুফতি হান্নানসহ আসামিরা হলেন, আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলানা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়।

অন্যদিকে,আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশ চলাকালে বোমা হামলায় আবুল হাসেম, হেমাঙ্গসু মণ্ডল ও মোক্তার হোসেনসহ পাচঁজন নিহত হন। এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান মতিঝিল থানায় বিস্ফোরণ আইনে মামলা করেন। ২০১৩ সালের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

কেএ