রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রাবি শাখা ছাত্রলীগের ৯ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, আহত শিবির নেতা রাসেল আলমের মা রাজিয়া বেগম বাদি হয়ে মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে এ মামলা করেন।

মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনকে প্রধান আসামী করে যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু, কাওসার আহম্মেদ কৌশিক, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবরুণ জামিল সুষ্ময়সহ ৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ১৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২৩ জনকে আসামী করা হয়।

তবে এর আগে গত ১৮ জুন মতিহার থানায় রাসেলের মা রাজিয়া বেগম মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেননি।

এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আদালতে মামলার বিষয়টি এখনো থানায় জানানো হয়নি। মামলার কপি থানায় আসলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রাসেলের ডান পা গোড়ালী থেকে বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় রাসেলের ২ পায়ে গুলি করে ছাত্রলীগ নেতারা।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ