বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর তুরাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এরআগে, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৬ মে তাকে জামিন দেন। পরে এ আদেশের বিরুদ্ধে গত ২৪ মে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গয়েশ্বরের জামিন স্থগিত করে আপিল বিভাগ। এরপর গয়েশ্বরের আইনজীবী আপিল বিভাগে আবারও জামিন আবেদন করেন। সেই আবেদনের জামিন শুনানি শেষে আপিল বিভাগ তার জামিন বহাল রাখলেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর বিএনপি জোটের হরতাল-অবরোধের সময় রাস্তায় তিন কাটাযুক্ত তারকাটা বিছানোর পরিকল্পনার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।

ইআর