বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৮ মার্চ) বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো: বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো: বশির উল্লাহ এবং ইরফান সেলিমের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, এই আদেশের ফলে, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তার কারামুক্তি পেতে বাধা নেই।

এর আগে বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে সেই রুলের জবাব দিতে বলা হয়েছিল। গত ২৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন।

ওই দিন আইনজীবীরা জানান, ২০২০ সালের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন ইরফান সেলিম। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

জামিন আবেদনের বিষয়ে সাঈদ আহমেদ রাজা ওইদিন বলেন, “এর আগে বাড়িতে মদ এবং ওয়াকিটকি রাখার মামলায় বিচারিক আদালতে জামিন পেয়েছিলেন ইরফান। আর অস্ত্র ও ইয়াবার মামলায় আগেই জামিন হয়েছিল। বাকি থাকল মারধরের ঘটনায় করা মামলা।”

ঘটনার সময় গাড়িতে থাকার কথা স্বীকার করলেও মারধরে জড়িত ছিলেন না বলে জানিয়েছিলেন ইরফান। তার দাবি, ওই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা মারামারি করেছেন।

এমবি