দেশের অন্যতম সুপারশপ মীনা বাজারের খেজুর ও খোরমায় ভয়াবহ মাত্রায় ফরমালিন সনাক্ত করেছে দেশের একটি নির্ভরযোগ্য গবেষণা প্রতিষ্ঠান।
নির্ভরযোগ্য সুত্র জানায়, ২২ জুন ওই প্রতিষ্ঠানে ফরমালিন পরীক্ষার জন্য খেজুর-খোরমাসহ কয়েকটি ফলের নমুনা পাঠায় মীনা বাজার। ২৫ জুন বিকেলে সবগুলো ফলের পরীক্ষা শেষ হয়। এর মধ্যে মীনা বাজারের খেজুর ও খোরমায় ফরমালিনের উপস্থিতি ধরা পড়ে।
পরীক্ষকদের একজন জানান, মীনা বাজারের অন্যসব ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া না গেলেও খেজুর ও খোরমায় উচ্চ মাত্রায় ফরমালিনের উপস্থিতি ধরা পড়েছে। ইন্সটিটিউটে এযাবৎকালে আম, আঙ্গুরসহ বিভিন্ন ফল এবং মাছে ফরমালিন সনাক্ত করেছি, তবে মীনা বাজারে খেজুর-খোরমায় ফরমালিনের উপস্থিতি সবার রেকর্ড ভেঙ্গেছে। এত উচ্চ মাত্রায় ফরমালিনের উপস্থিতি বাংলাদেশের ফলে কখনো ধরা পড়েনি। এর পরিমাণ মানবদেহের সহনীয় পর্যায়ের চেয়ে কয়েকগুন বেশি।
তবে প্রতিষ্ঠানের নীতি অনুসারে ফরমালিনের পরিমাণ কত মাত্রায় তা জানাতে চাইলেন না এই পরীক্ষক।
সরেজমিন ওই ইন্সটিটিউটে গিয়ে মীনা বাজারের খেজুর-খোরমার নমুনা এবং ল্যাব টেস্টে ফরমালিন উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েছে।
এর আগে, চলতি মাসেই আগোরার কালো আঙ্গুরে ফরমালিনের উপস্থিতি সনাক্ত করে একই ইন্সটিটিউট।
তবে এ দুটি সুপার শপ থেকে পরীক্ষার জন্য পাঠানো অন্যান্য ফলে ফরমালিন মেলেনি বলেই জানায় প্রতিষ্ঠানটি।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





