রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে  করা দুই মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব মামলা আমলে নেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ রোববার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও এ জে মোহাম্মদ আলী। তবে রাষ্ট্রপক্ষে কে ছিলেন, তা জানা যায়নি।

আগামী ৪ সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সংশ্লিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১- এ আগামী ১০ এপ্রিল মামলা দু’টির অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত বছরের ১০ আগস্ট  মামলাগুলো আমলে নেওয়া হয়।

এমবি