রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে কোনো আদেশ দেননি আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ সোমবার এ বিষয়ে কোনো আদেশ দেননি।
আদালতে আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম।
মাহমুদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, হাইকোর্টের রায় স্থগিতে আশিয়ান সিটি আবেদন করেছিলো। আপিল বিভাগ এ বিষয়ে কোনো আদেশ না দেওয়ায় প্রকল্পটি অবৈধই থাকলো। অর্থাৎ হাইকোর্টের রায় বহাল থাকলো।
এর আগে ২০ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে আশিয়ান সিটির করা আবেদন স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার যথাযথভাবে আইন অনুসরণ না করে অনুমোদন দেওয়ায় বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আশিয়ান সিটি আবাসিক প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দেন।
ঢাকা, ১৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





