গাড়ি পোড়ানো ও ভাঙচুরের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি আগামী ৬ মার্চ।

আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন।

মামলটির অন্যতম আসামি মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ওই দিন ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ মার্চ পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ২০১৩ সালের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এমকে