সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের বিরুদ্ধে করা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানির মামলাটি চলতে আর আইনগত কোনো বাধা নেই। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ মঙ্গলবার সকালে এই রায় দেন।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত পর্যবেক্ষণ দিয়ে আপিল আবেদনটির নিষ্পত্তি করেন। আদালতে মইনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।
এই আদেশের ফলে মঈন ইউ আহমেদের বিরুদ্ধে করা মানহানির মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সম্মানে দেওয়া এক অনুষ্ঠানে মঈন ইউ আহমেদ বলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট এবং বিদেশে পাচার করা হয়েছে। ওই সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইকবাল হাসান মাহমুদ।
মঈন ইউ আহমেদের দেওয়া ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা করেন ইকবাল হাসান মাহমুদ।
মামলাটি চলতে পারে না বলে দাবি করে তা খারিজ চেয়ে মঈন ইউ আহমেদের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি ওই আদালতে আবেদন করা হয়। আবেদনটি খারিজ হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে দেওয়ানি পুনর্বিবেচনা আবেদন করলে ওই বছরের ২৪ জানুয়ারি তা খারিজ হয়। এর বিরুদ্ধে মঈন ইউ আহমেদ আপিল বিভাগে আবেদন করেন।
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]