শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের শিহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে সাকিবকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা প্রচেষ্টায় পাঁচজন অংশ নেয়। ঘটনার সময় তাদের প্রত্যেকের কাছে চাপাতি ছিল।
টুটুলকে হত্যাচেষ্টার পর আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য পুলিশের পুরস্কার ঘোষিত মো. সুমন পাটোয়ারী ওরফে সাকিব ওরফে শিহাব ওরফে সাইফুলকে গ্রেফতারের পর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মনিরুল জানান, টুটুলের মাথায় তিনবার আঘাত করে শিহাব।
২০১৫ সালের ৩১ অক্টোবর মোহাম্মদপুরের লালমাটিয়ার শুদ্ধস্বর প্রকাশনার অফিসে প্রকাশক আহমেদুর রশিদ টুটুল ও শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম।
এমআর





