ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসামি ইদ্রিস মাতবর (৪০) হাসপাতালের বাথরুমের জানালা দিয়ে পালিয়ে গেছে। হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডের বারান্দায় ২৬ নম্বর বেডে ভর্তি ছিলেন।
আজ (০৫ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের বাথরুমের ভাঙা জানালা আরও ভেঙে পালিয়ে যায় ইদ্রিস মাতবর।
ইদ্রিস মাতবর (৪০) নামে ওই আসামিকে খুঁজছে পুলিশ। সে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার একটি ডাকাতি মামলার আসামি ছিল।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ইদ্রিসের পাহারায় ছিলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্য ও এক আনসার সদস্য।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, “ওই আসামিকে খুঁজছি।”
টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারি মাসে টঙ্গিবাড়ী থানা এলাকায় একটি ডাকাতদল ডাকাতি করতে যায়। সেসময় ইদ্রিস মাতবরের শরীরে দু’টি গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ছুটে গিয়ে পুলিশ ওই অবস্থায়ই তাকে গ্রেফতার করে। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মফিজুল আরও জানান, আদালতের অর্ডার ছিল, সুস্থ না হওয়া পর্যন্ত ইদ্রিস হাসপাতালে থাকবে। ঢামেকে তার প্রহরার দায়িত্ব ছিল ডিএমপির। কিছুক্ষণ আগে শুনেছি সে পালিয়ে গেছে।
এমবি





