গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন মেলেনি জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আজ শাহাদাতের আইনজীবী এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন ৮ অক্টোবর ক্রিকেটার শাহদাতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ অক্টোবর ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪ অক্টোবর রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রী জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।
অপরদিকে, জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।
মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
এসএইচ





