জামিন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
একই সঙ্গে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদেশে শফিক রেহমানকে তিন সপ্তাহ এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার নির্দেশ দেয় আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় জামিন চেয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন।
এরপর ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার বিচারপতির আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
প্রশঙ্গত, গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর দুটি মামলায় দু'দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
দুটি মামলায় নিম্ন আদালতে জামিন না মঞ্জুর হলে শফিক রেহমান হাইকোর্টে আবেদন করেন। গত ৭ জুন শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেয়।
এরপর তিনি ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আজ আপিল বিভাগ জামিন বিষয়ে শফিক রেহমানকে আপিলের অনুমতির আদেশ দেন। সেই সাথে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
এসএম





