জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া আলোচিত দুই পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

অপর দিকে ব্যাংকিং খাতের বহুল আলোচিত মুখ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রিলায়েন্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ ২২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে আলোচিত দুই পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৬-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আলোচিত ব্যক্তি ও তাদের কোম্পানির নামে ব্যাংকে পরিচালিত সব হিসাব থেকে অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর স্থগিত রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল (২৮ অক্টোবর) যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে শেখ ফজলুর রহমান মারুফ, বাবার নাম লেখা হয়েছে মৃত শেখ নুরুল হক ও মাতা মৃত মোছা: আছিয়া বেগম; শেখ ফজলুর রহমান মারুফের স্ত্রী সানজিদা রহমান, তার পিতার নাম লেখা হয়েছে মৃত শেখ গোলাম মোহাম্মদ ও মাতা মৃত কানিজ সুলতানার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। সেই সাথে ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে তাদের দুই প্রতিষ্ঠান পি২৪ গেমিং কোম্পানি ও পি২৪ ল’ফার্ম লিমিটেডের। একই সাথে স্বেচ্ছাসেবকলীগ নেতা মোল্লাহ মোহাম্মদ কাওছার, স্ত্রী পারভীন সুলতানা, মেয়ে নুজহাত নাদিয়া নিলা ও তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সলিউশনসের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

এদিকে, গতকাল (সোমবার) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ ৫০ জনের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করা হয়েছে।

৫০ জনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের এমপি শামসুল হক চৌধুরী, বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, অনলাইন ক্যাসিনোর প্রধান সেলিম, যুবলীগ দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ, কৃষক লীগের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগ নেতা জি কে শামীম ও গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক।

দুদকের ওই চিঠিতে অভিযুক্তদের কয়টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টে কত টাকা, কবে কখন কার কার সাথে লেনদেন হয়েছে এসব তথ্য জানতে চাওয়া হয়েছে।

এমবি