বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক বুধবার অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৬ জন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য আ হ ম হান্নান শাহ ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ছয়জন উপস্থিত হতে না পারায় সময় আবেদন করেন তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

এছাড়া জামায়াত নেতা মকবুল হোসেনসহ এ মামলার চার আসামি পলাতক রয়েছেন।

মামলার এজহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে আসামিরা পরস্পর যোগসাজষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান।

এ ঘটনায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল মজুমদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক নূরুল আমীন মির্জা ফখরুলসহ আরও ১০ জনকে যোগ করে মোট ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ