মোহাম্মদপুরের একটি বাসায় গত এপ্রিলে নেপালী মেডিকেল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতর নাম সৈয়দ আবু খালিদ ইবনে হাক্কানী ওরফে বাদশা।

শনিবার সকাল সোয়া ১১ টার দিকে যশোরের শার্শা বেনাপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিংয়ের হাজী মকবুল হোসেনের ৮২/২ নম্বর ভবনে গত ৬ এপ্রিলে নেপালী এক মেডিকেল কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়। ওই ছাত্রী রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ালেখা করত।

মনিরুল ইসলাম বলেন, নেপালী নাগরিক অরুণ কুমার চৌধুরীর মাধ্যমে ওই ছাত্রীসহ আরও অনেকেই নেপাল থেকে ঢাকায় পড়তে আসে। অরুণ কুমার নেপালী ছাত্রীদের ওই বাড়িতেই থাকার ব্যবস্থা করে দিতেন।

তিনি নিজে ওই বাড়ির ৬ষ্ঠ তলায় থাকতেন। এতে ওই বাড়িটির কেয়ারটেকার সৈয়দ আবু খালিদ ইবনে হাক্কানী ওরফে বাদশা ও অরুণের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে।

তিনি আরও বলেন, নেপালী তরুণীকে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে দুজন এক সাথে ওই মেয়েকে ধর্ষণ করে। এর আগে তাকে নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে পানীয় খাওয়ানো হয়।

যুগ্ম কমিশনার বলেন, এই ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়। গত ৯ এপ্রিল নেপালী নাগরিক অরুণ কুমার চৌধুরীকে গ্রেফতার করা হয়। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

এমআর/এসএইচ