বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের প্রস্তুতি না থাকায় আদালতে সময় আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ইমরুল কায়েস সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন।

জানা যায়, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বিমানবাহিনীর সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ বিমান বাহিনীর জন্য যুগোপযোগী রাডার ক্রয়ের আবেদন করেন। রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানি নির্মিত অত্যাধুনিক একটি হাইপাওয়ার রাডার ও দুটি লো লেভেল রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়।

তবে তৎকালীন সেনাপ্রধান এরশাদসহ অপর আসামিরা পরস্পরের যোগসাজশে আর্থিক সুবিধা নিয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়।

এ মামলার অন্য আসামিরা হলেন- বিমানবাহিনীর প্রাক্তন প্রধান সুলতান মাহমুদ, প্রাক্তন সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকে মুসা পলাতক রয়েছেন।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৯৯৫ সালের ১২ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত।

কেএইচ