নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিয়ের আসর থেকে বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রোববার রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর সদরের সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর মাহমুদুল হাসান রঞ্জু (২৩) কেন্দুয়ার মাস্কা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান রঞ্জু কেন্দুয়া পৌর সদরের কারিগরি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে আসেন। খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। বর ও কনের অভিভাবক এবং স্বজনদের অনেক বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করেন তিনি।

এ সময় রঞ্জু বাড়াবাড়ি করায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী তাঁকে পাঁচ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত বর মাহমুদুল হাসান রঞ্জুকে সোমবার সকালে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএম