ঘুষ হিসেবে ১৬০ ঝুড়ি আম গ্রহণ করে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বশির আহমেদ। তার বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর এসপি বশিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ দুদকে আসে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের এসপি বশির আহমেদ অনৈতিক সুবিধা পাইয়ে দেয়ার জন্য একটি পক্ষের কাছ থেকে ১৬০ ঝুড়ি আম ঘুষ হিসেবে গ্রহণ করেন, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৯০ হাজার ৭০০ টাকা। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও দুর্নীতির অভিযোগ।

দুই পৃষ্ঠার ওই অভিযোগ প্রাথমিকভাবে দুদকের নিকট যুক্তিযুক্ত মনে হওয়ায় কমিশন তা আমলে অনুসন্ধান করার নির্দেশাবলি রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে।

দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম স্বাক্ষরিত ওই নির্দেশাবলিতে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের দুদকের একজন কর্মকর্তা নিয়োগ করে অতি দ্রুততর সময়ে মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দিতে বলা হয়েছে।

কেএইচ