নিখোঁজের তিনদিন পর লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষপাড়া এলাকা থেকে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নুশরাত জাহান নিশু উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার দুপুরে নুশরাত জাহান নিশু বাড়ির থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে পরের দিন শনিবার নুশরাতের মামা জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সোমবার দুপুরে কাঞ্চনপুরের বক্ষ্রপাড়া এলাকায় ব্রিজের নিচে একটি বস্তা ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বস্তাবন্দি অবস্থায় শিশু নুশরাত জাহানের লাশ উদ্ধার করে। শিশুটির গলায় ফাঁস লাগানো ছিল বলে পুলিশ জানিয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে নুশরাত জাহানকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন তারা।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, নুশরাতকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারনে তাকে হত্যা করা হয়েছে। সে বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএম





