রাজধানীর পল্টন থানার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন থাকবে কিনা, সে বিষয়ে ৮ জুলাই আদেশ দেবেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ।

তার আগেই মির্জা ফখরুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের ‌আপিল বিভাগের বেঞ্চ রবিবার এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।

মির্জা ফখরুল চিকিৎসার জন্য বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। ফখরুলের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে বুধবারের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছেন আদালত।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন জয়নাল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি বৃহস্পতিবার শেষ হয়। শুনানি শেষে রবিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ। গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে ওই তিন মামলায় জামিন দেন।

এসএইচ