ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক (ডিডি) মো. জাফরুল্লাহ কাজল।
তিনি জানান, সরকারি পাজেরো গাড়িতে ফেনসিডিল বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানসহ তার এক সহযোগীকে আটক করে। তারা ফেনসিডিলগুলো কোমল পানীয়জাতের কোকাকোলার বোতলে করে বহন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাড়িটি আটক করা হয়।
এরপর গাড়ির ছিটের নিচে রাখা কোকালার ৬৫টি বোতলে রাখা ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।
এদিকে অটকের পর চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজের একটি কক্ষে জেলা উপসচিব নুরুজ্জামানকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছিলো। তবে তাঁর সহযোগীকে গাড়িতেই আটকে রাখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা।
খবর পেয়ে সেখানে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা রাতেই ভিড় করেন। রাত ১২টার সময় এ প্রতিবেদন লিখার সময় ওই বৈঠক চলছিলো।
এএস





