আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে রাজধানীর নয়া পল্টনে তার ব্যক্তিগত চেম্বার থেকে আটক করে তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

তাজুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোগী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তাজুল ইসলামকে আটকের সময় তার অফিসের স্টাফদেরও নিয়ে যায় পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও তাজুল ইসলামের পারিবারিক সূত্রও এ খবর নিশ্চিত করেছে।

অ্যাডভোকেট তাজুলের স্ত্রীর বরাত দিয়ে অ্যাডভোকেট শিশির মনির আরও জানান, তাজুল তার স্ত্রীকে ফোনে জানিয়েছেন, তাকেসহ কয়েকজন জুনিয়রকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ।

এদিকে পল্টন থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটকের খবর আমাদের জানা নেই।

তবে, পল্টন মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটকের বিষয়টি অস্বীকার করলেও থানায় কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর যে সকল নেতার বিচার চলছে, তাদের আইনজীবী হয়ে আদালতে লড়ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

আজ (বৃহস্পতিবার) কামারুজ্জামানের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করার পর সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে মামলার বিষয়ে বক্তব্য দেন তিনি।

এছাড়া গত ৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সাথে দেখা কারার পর জেল গেটে রিভিউ আবেদনের বিষয়েও তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
জেআই/কেএইচ/কেবি