সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি’র ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় তার স্ত্রী প্রীতি হায়দারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোবাবর দুদক উপ-পরিচালক মোঃ ফরিদ আহমেদ পাটোয়ারির পাঠানো এ তলবী নোটিশে প্রীতি হায়দারকে অগামী ৬ নভেম্বর সকাল ১০ টায় দুদকে হাজির হতে বলা হয়েছে।
গত ২১ আগস্ট মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদক রমনা মডেল থানায় ৫ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। বর্তমানে এ মামলাটি তদন্ত করছেন উপ পরিচালক করছেন ফরিদ আহম্মেদ পাটোয়ারি।
দুদক সূত্রে জানা যায়, আসামি মাহবুবুর রহমান এমপি দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সাড়ে ৩ কোটি টাকার উৎস দেখিয়েছেন মৎস্য চাষ লব্ধ আয়। অথচ তার কোনো মৎস্য খামার কিংবা ঘের নেই।
দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে পটুয়াখালীর বিপুল হাওলাদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেছেন। অথচ বিপুল হাওলাদার মাহবুবুর রহমানকে কোনো ঋণ দেয়ার কথা অস্বীকার করছেন। বিপুল যদি কোনো ঋণ দিয়ে থাকেন তাহলে সেই অর্থের উৎসই বা কি -তা জানতে আগামী ২২ সেপ্টেম্বর আসামি মাহবুবুর রহমান এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
মাহবুবুর রহমান এমপি কলাপাড়ার আব্দুল কুদ্দুস হাওলাদার নামক আরেক ব্যক্তিকে দেড় কোটি টাকা দেন জমি কেনার জন্য। এ অর্থ তিনি কোথায় পেয়েছেন তার উৎস আয়কর বিবরণী, নির্বাচনী হলফনামা এমনকি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। এছাড়া আারো বিভিন্ন বিষয়ে তলবিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
একে/এসএইচ





