বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামী পক্ষের পরবর্তী জেরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে তদন্ত কর্মকর্তাকে বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান তৃতীয় দিনের মতো জেরা করেন। এরপর ১০ নভেম্বর জেরার দিন নিরধারণ করা হয় বলে অপর আইনজীজী সানা উল্লাহ মিয়া জানান।
হারুন-অর রশিদ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা। তিনি এর আগে বাদী হিসাবে সাক্ষ্য দিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এবং ৩১তম ও শেষ সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন। এর আগে সাক্ষ্য দিয়েছেন মামলাটির আরও ৩০ জন সাক্ষী।
একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম আগামী ১০ নভেম্বর করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
২০১৪ সালের ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালতের আগের বিচারক বাসুদেব রায়।
জারিফ





