নরসিংদীতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে।

নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ছাত্রলীগ সভাপতিসহ ২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে রায়পুরা থানায় মামলা করেছেন নির্যাতিতার পরিবার।

অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে নবিয়াবাদ গ্রামে ১০ম শ্রেণির স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসেন রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার ওপর পাশবিক নির্যাতন চালান তিনি। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় শাকিল কৌশলে পালিয়ে যান। পরে ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবগত করা হলে, রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভিকটিমের বাবা জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল। আমি এর উপযুক্ত বিচার চাই।

রায়পুরা থানার ওসি মহসিন কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এমবি