নাশকতার মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সব মামলায় আদালত থেকে জামিন পেলেও তার মুক্তির বিষয়ে কারাগার কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করছেন তার পরিবার ও দল।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন শুক্রবার সকালে টাইমনিউজবিডিকে বলেন- আইনি প্রক্রিয়ায় সব মামলায় জামিন পাওয়ার পর বিএনপি নেতা আমানের পরিবারের সদস্যরা শুক্রবার সকালে তার জামিনের কাগজপত্র নিয়ে ঢাকার কেন্দ্রীয কারাগারে যান।কিন্তু রহস্যজনক কারণে তার মুক্তি নিয়ে গড়িমসি করা হচ্ছে। এনিয়ে তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
বর্তমানে বিএনপির এই যুগ্ম মহাসচিব আদালতের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ৭১টি মামলার মধ্যে ৫৬টিতে জামিনের আবেদন নামঞ্জুর ও ৭টিতে জামিন মঞ্জুর করেন আদালত। অন্য ৮টি মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
এরপর সর্বশেষ মঙ্গলবার নাশকতার ২৭ মামলায় বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। এরপর তার মুক্তি পেতে আইনত আর কোনো বাধা থাকলনা।
এমএইচ





