প্রায় দেড়যুগ ধরে বিনা বিচারে আটক থাকা দুই ব্যক্তিকে নথিসহ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত বিনা বিচারে আটক থাকা দুজনের মামলার নথিসহ আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দেন।
এছাড়া, কেন তাদের জামিন দেওয়া হবে না, এ বিষয়েও রুল জারি করেছেন আদালত।
বিনা বিচারে আটক থাকা দুজন বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন। তারা হলেন, ১৫ বছর ধরে আটক থাকা ছাবেদ আলী ও ১৭ বছর ধরে আটক শফিকুল ইসলাম স্বপন। তারা দুজনেই বর্তমানে মানসিক ভারসাম্যহীন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে জানান, গত ১২ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আদালত রুলসহ এ নির্দেশনা জারি করে।
এমবি





