জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাসের) সাবেক সাধারণ সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরির বিরুদ্ধে সায়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক আব্দুছ ছাত্তার সরকার বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় ২০০৪ সালের দুদক আইন ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেন।

মামলায় রেজাবুদ্দৌলা চৌধুরির বিরুদ্ধে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগ আনা হয়। তিনি আর এস আর বিজনেস লাইনার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

রাজউক :

এদিকে রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অনুসন্ধানের লক্ষ্যে কর্মকর্তা নিয়োগে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এমদাদুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।

এফডিসি:

পুরাতন ডিজিটাল সাউন্ড টারবো সিস্টেম (ডিটিএস) সরবরাহ করে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধানে দুই কর্মকতাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

ওই ২ কর্মকর্তারা হলেন, এফডিসি’র সাবেক প্রকল্প পরিচালক কেএম আইয়ুব আলী এবং সহকারি প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খান। গত ২৪ ডিসেম্বর তাদের তলবি নোটিশ পাঠান উপ-পরিচালক হামিদুল হাসান।

সুত্র জানায়, ২০০৭ সালে ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক সরবরাহকারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে ডিটিএস সরবরাহ করে। পরে সরবরাহকৃত যন্ত্রপাতির মধ্যে অন্তত ১৬টি আইটেম পুরাতন বলে চিহ্নিত হয়।

অথচ এলসি’র বিপরীতে সরবরাহকারী প্রতিষ্ঠান ৬০ শতাংশ অর্থ ব্যাংক থেকে তুলে নেয়। বিষয়টি অভিযোগ আকারে এলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

একে/এসএইচ