রাজধানীর যাত্রাবাড়ি থানার শনির আখরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চাঁদাবাজির ঘটনার অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক দায়িত্বরত এসআই (উপ-পরিদর্শক) ফরিদ উদ্দিনের হাতে তল্লাশির নামে লাঞ্চনার শিকার হয়েছেন।
এসময় ওই পুলিশ কর্মকর্তা মানিব্যাগসহ ১২শ টাকা হাতিয়ে নেয়। আজ রোববার সকাল ১১টা ৪৫ মিনিটে জনসম্মুখে এ ঘটনা ঘটে।
ঘটনার স্বীকার দৈনিক জনতার সিনিয়র প্রতিবেদক শফিকুল ইসলাম জানান, ‘দৈনিক ডেসটিনি পত্রিকার মফস্বল সম্পাদক আলী মুনসুরকে নিয়ে উক্ত বাস স্ট্যান্ড এলাকায় আসলেই এসআই ফরিদ উদ্দিন আমাদের ডেকে নিয়ে তল্লাশি শুরু করে।
ওই সময় সাংবাদিক পরিচয় দিলেও ফরিদ উদ্দিন বলেন, তোরা কিসের সাংবাদিক? তোরাতো প্রতিদিন যাত্রাবাড়ি থানায় সন্ধ্যার পরে আসিস না। তাহলে তোরা কিসের সাংবাদিক?’
এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার ওসি অবনী রায়ের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, ‘ঘটনা সম্পর্কে আমি অবহিত হয়েছি। ভোক্তভুগি সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক লাঞ্চনার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ জানান, ‘অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এমএ/এসএইচ





