মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ এলাকার একটি ধানখেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কয়েকজন যুবক ধানখেতের পাশে তরুণীর লাশটি দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজৈর থানার কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ বলেন, ‘নিহত ওই তরুণীর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতে তাঁর মাথার অর্ধেকটা গুরুতর জখম হয়।
এমনকি ওই তরুণীর পরিচয় গোপন করতে তাঁর মুখমণ্ডলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর ফলে ওই তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি।
এছাড়া তাঁর পায়ে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে।’
এমআর





