জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার জয়পুরহাট সদর থানায় সাংবাদিকদের সামনে আসামিদের হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খায়রুল বাশার জানান, আসামিদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডে অন্য আসামি ও বাকি টাকার হদিস মিলবে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, বুধবার কুষ্টিয়া থেকে নয় লাখ টাকাসহ ডাকাত দলের সদস্য ইকবাল হোসেন ইকুকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ থেকে ৫৬ লাখ টাকাসহ মূলহোতা শামীম হাসানসহ ছয়জনকে গ্রেফতার করে র্যাব। আসামি ইকবাল হোসেনের দেওয়া তথ্যমতে, পুলিশ শুক্রবার রাতে আবারও কুষ্টিয়া থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করে।
তিন দফায় ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার।
তিনি আরও জানান, মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামীরা হলেন- বরিশালের শামীম হাসান (৪০), আব্দুল কুদ্দুস বুল (৪৫), ময়মনসিংহের স্বপন দেবনাথ (৩৫), বাদল হোসেন (৩৫), মাসুম (২৫), প্লাবন (২৮), কুষ্টিয়ার ইকবাল হোসেন ইকু (৪৫) ও ডাচ-বাংলা ব্যাংকের জয়পুরহাট শাখার কর্মচারী নাজমুল হোসেন (৪৫)।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর রাতে ব্র্যাক ব্যাংক জয়পুরহাট শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা লুট করে ডাকাতদল।
কেএ





