৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো: খসরুজ্জামান ও বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে না নেয়ার কারণ দেখিয়ে রিট করা হয়। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন পরীক্ষার্থী মো: রায়হান সুলতান।

পরীক্ষার্থীদের আইনজীবী রবিউল আলম বূধু গণমাধ্যমকে বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানো প্রয়োজন দাবি জানিয়ে রিট করা হয়েছিল। সেটি খারিজ করা হয়েছে।

আইনজীবী আরও বলেন, যেহেতু বিসিএস পরীক্ষায় প্রায় ৫ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে, তাই তাদের সকলের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সেটা নিশ্চিত করে পরীক্ষা নিতে বলে দিয়েছেন আদালত।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমবি