খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পুনরায় না বসা পর্যন্ত আগের নিয়মেই চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুণ।   

আজ (০৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় দুপুরে ফাইলপত্র পর্যবেক্ষণ করার পর বোর্ড এই সিদ্ধান্ত দিয়েছে।  

তবে এদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি মেডিকেল বোর্ডের সদস্যরা। আগামীকাল (সোমবার) আবারো তাকে দেখতে যাবেন চিকিৎসকরা।     

বিএসএমএমইউ পরিচালক ব্রি. জে. আবদুল্লাহ আল হারুন জানান, মেডিকেল বোর্ডের ৫ সদস্য দুপুর পৌনে ১২ টায় বেগম জিয়ার চিকিৎসা হিস্ট্রি পর্যালোচনা করেন। কিন্তু তার সঙ্গে তারা সরাসরি দেখা করেন নি। এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন উপস্থিত ছিলেন। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে।

তিনি বলেন, পূর্বের রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা চলছে। নতুন করে বোর্ড বসার পরে বেগম জিয়ার হিস্ট্রি ও তার চাহিদানুযায়ী চিকিৎসা সেবা প্রদান করা হবে।  

পরিচালক জানান, সোমবার (০৮ অক্টোবর) মেডিকেল বোর্ডের সদস্যরা আবার খালেদা জিয়ার কেবিনে যাবেন। সুবিধাজনক সময়ে তার পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা হবে।  

আব্দুল্লাহ আল হারুন বলেন, বোর্ডের সদস্য সজল ব্যানার্জির পরিবর্তে তাসনিয়া পারভিন আগামী ৯ তারিখ পর্যন্ত রিপ্লেসমেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।

রায়ের পর থেকেই একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেন।

নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল শনিবার (০৬ অক্টোবর) বেলা ৩টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭১৬০ নম্বর গাড়িতে করে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়।  

এমবি