রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে না সরানোয় পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে দিনে ১০ হাজার টাকা করে জরিমানা করে লিভ টু আপিলের নিষ্পত্তি করেছেন আদালত।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ সোমবার (১৮ জুলাই) এ আদেশ দেন।
মোট ক্ষতিপুরণের টাকার অর্ধেক জমা দিতে হবে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনে।
গত ১৬ জুন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না করা পর্যন্ত ১৫৪ প্রতিষ্ঠানকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানার করে। একইসঙ্গে জরিমানার এ টাকা সরকারি কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়।
এরপর ট্যানারি মালিকপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই পর্যন্ত ট্যানারি শিল্প মালিকদের বিষয়ে হাইকোর্টের করা জরিমানার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
পরিবেশবাদী সংগঠন বেলা ২০০২ হাজারীবাগের ট্যানারি প্রতিষ্ঠানগুলো স্থানান্তরের ব্যাপারে একটি রিট আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট নির্দেশ দেন। সরকারপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরে ওই সময়সীমা কয়েক দফা বাড়িয়ে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপরও টানারি স্থানান্তরে বিলম্ব হওয়ায় পক্ষভূক্ত হয়ে ২০১৩ সালে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এ মামলার প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে গত বছরের ২১ এপ্রিল আদালতের তলবে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন শিল্পসচিব।
এর আগে গত ১৩ এপ্রিল রাজধানীর হাজারীবাগে এখনো যেসব ট্যানারি ব্যবসা পরিচালনা করছে তাদের তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি হাজারীবাগের ট্যানারি বর্জ্য বুড়িগঙ্গায় ফেলে পরিবেশের কী পরিমাণ ক্ষতি প্রতিদিন করা হচ্ছে- তা নিরূপণ করতে বলা হয় পরিবেশ সচিবকে।
এ জরিমানার আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকদের দুই সংগঠনের চেয়ারম্যান চেম্বার আদালতে গেলে গত ২৮ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আপিল আদালতে আসলে শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।
আদালতের এ আদেশ অনুসারে শিল্পসচিবের পক্ষে আইনজীবী রইস উদ্দিন ১৫৫টি ট্যানারির তালিকা হস্তান্তর করেন। এর মধ্যে মাত্র একটি ট্যানারি স্থানান্তরিত হয়।
এমই





