ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক (মিটার রিডার) কোটিপতি মো. হারুন অর রশিদকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারি পরিচালক মো. আল আমীনের পাঠানো তলবি নোটিশে তাকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুদক হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র মতে, রাজধানীর মহাখালী ওয়াসা অফিসের রাজস্ব জোন-৫ এর রাজস্ব পরিদর্শক মো. হারুন আর রশিদ চাকরির সুবাধে নানা অনিয়ম, দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে দুটি বাড়ি, একাধিক গাড়ি, এছাড়াও তার নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ রয়েছে দুদকে।

এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক ভবন থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। যারা তাকে মাসোহারার পেমেন্ট নিয়মিত দিত, তিনি তাদের বাণিজ্যিক পানির বিলকে আবাসিক রেটে করে দিতেন। এছাড়া আবাসিক পানির বিলের ক্ষেত্রেও মিটারের রিডিং অনেক কমিয়ে সামান্য বিল পরিশোধের ব্যবস্থা করে দিতেন।

এভাবে জালিয়াতির মাধ্যমে ঢাকা ওয়াসার মিটার রিডার মো. হারুন অর রশিদ রাতা-রাতি কোটিপতি বনে যান। দুদকের অনুসন্ধানী কর্মকর্তার এবার মিটার রিডার মো. হারুন অর রশিদকে তার অর্জিত অস্বাভাবিক স্থাবর অস্থাবর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যায়। আর এ জন্য তাকে তলব করা হয়।

একে/কেএইচ