রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসায় স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগে রনি মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার কথা আটক ব্যক্তি স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। নিহত দুজন হলেন- ইয়াসমিন আক্তার (২৮) ও সীমু (১৭)। তাঁদের মধ্যে ইয়াসমিন রনির স্ত্রী ও সীমু শ্যালিকা। ইয়াসমিন পোশাককর্মী আর সীমু সম্প্রতি নাবিস্কো এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন। তাঁদের বাড়ি নরসিংদীতে আর রনির বাড়ি জামালপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই বোন রাজধানীর একটি গার্মেন্টসে কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রনি মিয়া একজন রিকশাচালক।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়েছে।

এমবি